নিউ ইয়ার্স রিসলুশন ইজ আ মডার্ন ট্র্যাপ! : আরাফাত হোসাইন

নিউ ইয়ার্স রিসলুশন ইজ আ মডার্ন ট্র্যাপ!

আরাফাত হোসাইন

 

সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে এই ‘নিউ ইয়ার্স রিসলুশন’ ব্যাপারটি আজকাল আর কারো কাছেই অজানা নয়। তবু এর ব্যাপারে একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়া যাক, নিউ ইয়ার্স রিসলুশন মূলত পরবর্তী নতুন বছরটি জুড়ে নিজেকে সংশোধন করার একটি সময়োপযোগী তালিকা। একজন ব্যাক্তি আগত নতুন বছরটিতে কী কী করবেন এবং কী কী করবেন না, তারই একটি সহজ-সরল নির্ঘন্ট। বছরের শেষ দিকে অথবা নতুন বছরের প্রারম্ভেই অনেকেই তাঁদের এই নিউ ইয়ার রিসলুশন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করে জানিয়ে থাকেন। আবার অনেকেই সেই তালিকাটিকে একান্তই নিজের কাছে রাখেন।




“নিউ ইয়ার্স রিসলুশন ইজ আ মডার্ন ট্র্যাপ” – এই হচ্ছে আজ আমার আলোচনার শিরোনাম। এবার আলোচনার গর্ভে প্রবেশ করা যাক।

প্রথমত,

নিজেকে নতুনভাবে-নতুনরূপে তৈরি করতে আমরা অনেকেই শারীরিক এবং মানসিকভাবে আগত নতুন বছরটির জন্য অপেক্ষায় থাকি এবং সেজন্য নানান প্রস্তুতি নিতে থাকি। জানুয়ারি মাস এলেই কোমরে গামছা বেঁধে আত্মোন্নয়নে নেমে পরবো এই আশায় থাকিআমি অনেক পরিচিতজনকেও দেখেছি জানুয়ারির অপেক্ষায় বসে থেকে মাছি মারতে অথবা বর্তমানে অভ্যস্ত সেই অস্বাস্থ্যকর জীবনযাপনেই বলবৎ থাকতে। কিন্তু আমার ব্যাক্তিগতভাবে মনে হয়, এমনটা করা অনুচিত, অযৌক্তিক। এমনটা করার অর্থ হচ্ছে, নিজের অপারগতাকে আরো কিছুদিন পুষে রাখা। অথবা বলা যেতে পারে, নিজেকে পরিবর্তন করার জন্য যথেষ্ট পরিমানে আত্মবিশ্বাস এখনও নিজের ভেতর তৈরি না হওয়া। কেউ তার নিজস্ব কোনো সীদ্ধান্তে অটল বা অনড় না থাকলেই এরকমটা ঘটে। তখনই একজন মানুষ নিজেকে পরিবর্তন করার জন্য আরো কিছুটা সময়ের অপেক্ষায় বসে থাকে, এবং নতুন একটা বছরের আগমনের জন্য সে মিছে দিন গোনে। এ যেন নিজের সাথেই নিজের প্রপঞ্চ! পৃথিবীটা সূর্যকে প্রদক্ষিণ করা শেষ করলেই আপনি কাজে নেমে পড়বেন, আপনি শুধু সেই অপেক্ষাতেই বসে আছেন। দেখুন, আপনি সুসময়ের অপেক্ষাতে থাকতেই পারেন কিন্তু আমার বক্তব্যটি সুস্পষ্ট, তা হলো –আমরা বাস করি এক অনিশ্চয়তার জগতে। এই মুহূর্তে আমি আছি, আমার সবকিছুই ইতিবাচকভাবে ঠিকঠাকই চলছে কিন্তু আমরা যেখানে কেউ জানি না পরবর্তী মুহূর্তটিতে আমাদের সাথে কি ঘটতে চলেছে, সেটি আমার জন্য কতটা ইতিবাচক বা নেতিবাচক, সেখানে নিজেকে পরিবর্তন এবং সংশোধন করার জন্য অনেকটা চাতক পাখির মতো যথাযথ সময়ের অপেক্ষা করাটা সত্যিই বেমানান এবং অযৌক্তিক! আমি বিশ্বাস করি কোনো কিছু শুরু করবার জন্য যথাযথ সময় আজ এবং এখনই। এবং সেটি যদি হয় নিজেকে সংশোধন করার মতো যুগান্তকারী ব্যাপার তাহলে অবশ্যই সেটি করার জন্য নতুন বছরের জন্য বসে থাকা মোটেই সমীচীন নয়। বাকির আশায় কখনোই নগদকে হেলা করবেন না। গৌতম বুদ্ধ একদা বলেছিলেন, ‘ভীষণ দুঃখের বিষয়টি হচ্ছে, আমরা মনে করি আমাদের যথেষ্ট সময় আছে’ 

দ্বিতীয়ত,

নিউ ইয়ার্স রিসলুসনকে অনেক গবেষকরাই উপহাস করে বলে থাকেন ‘জানুয়ারি রিসলুশন’অবশ্য তার যথেষ্ট কারণও আছে। আমরা বেশিরভাগ মানুষই প্রায়শই যার যার অভ্যাসের কাছে পরাস্থ এবং এই নিজস্ব অভ্যাসগুলোর দ্বারাই আমরা অবচেতনে পরিচালিত বা নিয়ন্ত্রিত হয়ে থাকি। আর নিজেকে পরিবর্তন বা সংশোধন করার এই মানসিকতাটি কোনো বিশেষ দিন বা বিশেষ সময়ের জন্য হওয়া উচিত নয়। মূলত নিজেকে সংশোধন করে সঠিক পথে চালিত করা - এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া। কোনো নির্দিষ্ট একটি সময়ের মধ্যে আবদ্ধ করার বিষয় এটি কখনোই নয়। প্রতিটি দিন একেকটি সম্ভাবনা। প্রতিটি সকাল নতুন নতুন সম্ভাবনা নিয়ে আপনার নিকট হাজির হয়। আপনি কখন কোন সম্ভাবনাটিকে কাজে লাগাবেন সেটি একান্তই আপনার বুদ্ধিবৃত্তিয় নির্বাচন বা বিবেচনা। একদল লোক মাঠে খেলবে, আরেকদল লোক গ্যালারি অথবা টেলিভিশনে বসে সেই খেলা দেখবে। একদল লোক উড়োজাহাজ তৈরি করবে, আরেকদল লোক সেই উড়োজাহাজে চড়ে ভ্রমণ করবে। একদল লোক সিনেমা তৈরি করবে, আরেকদল লোক পরিবার-পরিজন নিয়ে পপকর্ন খেতে খেতে সিনেমা হলে বসে সেই সিনেমাটি উপভোগ করবে। আপনি কোন দলের মানুষটি হবেন তা একান্তই আপনার বুদ্ধিবৃত্তিয় বিবেচনা এবং চেষ্টার ফসল।

নিউ ইয়ার্স রিসলুশনকে অনেকেই উপহাস করে ‘জানুয়ারি রিসলুশন’ বলার কারণ হলো, আমাদের প্রায় অধিকাংশ মানুষকেই ঐ সংশোধনী তালিকাটিকে (নিউ ইয়ার্স রিসলুশনকে) বড়জোর জানুয়ারি মাস পর্যন্তই অনুসরণ বা মেনে চলতে দেখা গেছে। জানুয়ারির পরে আর ঐ নিউ ইয়ার রিসলুশনের বিশেষ কোনো আবেদন বা তাৎপর্য থাকে না। আর তার কারণটি কিছুক্ষণ আগেই বলেছি। মানুষ তার নিজস্ব অভ্যাস দ্বারা বরাবরই নিয়ন্ত্রিত এবং পরিচালিত। এবং নিজেকে সংশোধন করার এই যুগান্তকারী যাত্রাটি শুধুমাত্র কোনো সুনির্দিষ্ট সময়ের মধ্যেই আবদ্ধ থাকা বা রাখা উচিত নয়। আত্মসংশোধন এবং আত্মোন্নয়ন মূলত একটি জীবনব্যাপী প্রক্রিয়া।

সুতরাং, আপনি নিজেকে সংশোধন করবেন বলে আজ ভাবছেন এবং তা মনে মনে ঠিক করে ফেলেছেন। এর অর্থ, আপনি নিজেকে বদলে ফেলার প্রাথমিক এবং কঠিন ধাপটি ইতোমধ্যেই অতিক্রম করে ফেলেছেন। এখন আর বসে থাকা নয়, কাজে লেগে পড়ুন। আজ এবং এখনই।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.